
লেবাননের যুদ্ধ পরিস্থিতি প্রবাসী বাংলাদেশিদের জন্য ক্রমেই মরণফাঁদে পরিণত হচ্ছে। দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় নতুন করে আরও দুই বাংলাদেশি কর্মী প্রাণ হারিয়েছেন।
বুধবার বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস এই মর্মান্তিক খবরটি নিশ্চিত করেছে। এ নিয়ে গত কয়েক দিনের ব্যবধানে লেবাননে ইসরায়েলি হামলায় মোট চারজন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হলো।
দূতাবাস সূত্রে জানা গেছে, গত সোমবার একই এলাকায় প্রাণ হারানো দুই বাংলাদেশির পর বুধবার নতুন করে আরও দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। গত ১১ মে দিবাগত রাতে নাবাতিয়ের মাইফাদুন অঞ্চলের একটি আবাসিক ভবনে ইসরায়েলি ড্রোন থেকে হামলা চালানো হয়। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে দূতাবাস জানিয়েছে, ওই হামলায় সাতক্ষীরার শ্রী শুভ কুমার দাস এবং নরসিংদীর করিম মিয়া নিহত হয়েছেন।
বুধবার লেবানিজ সেনাবাহিনী ও দেশটির রেডক্রস সদস্যদের সহায়তায় দুর্ঘটনাস্থল থেকে একটি খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রতিবেশী এক প্রবাসী বাংলাদেশি কর্মী রাজিব উদ্ধারকৃত মরদেহটি শুভ কুমার দাসের বলে শনাক্ত করেন। বর্তমানে তার মরদেহটি নাবাতিয়ের নাযদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে, একই ঘটনায় নিহত হওয়া করিম মিয়ার মরদেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, ড্রোন হামলার ভয়াবহতায় তিনি ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। বর্তমানে ওই এলাকায় প্রবল নিরাপত্তা ঝুঁকি থাকায় লেবানিজ সেনাবাহিনী ও রেডক্রস উদ্ধারকাজ চালিয়ে যেতে পারছে না। তবে দূতাবাস জানিয়েছে, করিম মিয়ার মরদেহ উদ্ধারের জন্য তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে চলেছে।
এর আগে গত সোমবারও একই এলাকায় ড্রোন হামলায় দুই বাংলাদেশি কর্মী নিহত হয়েছিলেন, যার ফলে লেবাননে থাকা প্রবাসীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।