
লেবাননের দক্ষিণ সীমান্তে ইসরায়েলি সেনাদের স্থল অভিযান তীব্র আকার নিচ্ছে। স্থানীয় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে নতুন করে চার জন ইসরায়েলি সৈনিকের মৃত্যু হয়েছে বলে ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার (৩১ মার্চ) জানিয়েছে। এতে গত এক মাসে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা অন্তত ১০-এ পৌঁছেছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, নিহতদের মধ্যে দুজনের বয়স ২১ এবং একজনের ২২ বছর। চতুর্থ সেনার পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে চার সেনা নিহত ও আরও দুইজন আহত হয়েছেন। অন্যদিকে, টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত চার সেনার মধ্যে তিনজনের নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন - ক্যাপ্টেন নোয়াম মাদমোনি (২২), স্টাফ সার্জেন্ট বেন কোহেন (২১) এবং স্টাফ সার্জেন্ট ম্যাকসিম এন্টিস (২১)। তিনজনই নাহাল ব্রিগেডের রিকনেসান্স ইউনিটে দায়িত্ব পালন করছিলেন।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, চতুর্থ সেনার নাম পরে প্রকাশ করা হবে। এছাড়া সংঘর্ষে একজন সেনা গুরুতর আহত হয়েছেন এবং একজন রিজার্ভ সদস্য মাঝারি আহত অবস্থায় রয়েছেন।
আইডিএফ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ লেবাননের পশ্চিমাঞ্চলে নাহাল রিকনেসান্স ইউনিটের সেনারা হিজবুল্লাহর একটি সশস্ত্র দলের অবস্থান শনাক্ত করেন। নিকটবর্তী দূরত্ব থেকে উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময় শুরু হয় এবং কয়েকজন সেনা আহত হয়।
আইডিএফের প্রতিবেদনে বলা হয়েছে, আহত সেনাদের সরিয়ে নেওয়ার সময় হিজবুল্লাহর সদস্যরা তাদের লক্ষ্য করে একটি অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তবে এতে অতিরিক্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে ইসরায়েলি সেনারা ট্যাংক ও বিমান হামলার মাধ্যমে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালায়।
২ মার্চ থেকে শুরু হওয়া দক্ষিণ লেবাননে ইসরায়েলি অভিযান চলাকালীন এই এলাকায় অন্তত ১০ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে।
সূত্র: আল জাজিরা