
স্কুলজীবন শেষ হওয়ার আগেই অভিনয়ে পরিচিতি পেয়েছেন ইসরাত অতিথি। সাম্প্রতিক সময়ে একাধিক নাটকে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন তিনি। বিশেষ করে মোহাম্মদ মোস্তফা কামাল রাজের ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-এ ‘ফারহানা’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে বেশ জনপ্রিয়তা পান এই অভিনেত্রী।
এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন অতিথি। রোববার প্রকাশিত ফলাফলে তিনি উত্তীর্ণ হয়েছেন। পাওয়া ফলাফল নিয়েও সন্তুষ্টির কথা জানিয়েছেন তিনি।
অতিথির বোন সাফিনা জানান, এসএসসি পরীক্ষায় অতিথি জিপিএ ৪ পেয়েছেন। অভিনয়ের শুটিং নিয়ে ব্যস্ততার মধ্যেও পড়াশোনা চালিয়ে যেতে তাকে বেশ পরিশ্রম করতে হয়েছে। তার ফলাফলে পরিবারের সদস্যরাও আনন্দিত।
উত্তরার কেসি মডেল স্কুল থেকে মানবিক বিভাগে এসএসসি পরীক্ষা দেন অতিথি। ফল প্রকাশের পর স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে ছবি তোলেন তিনি। পরে সেই ছবি ফেসবুকে প্রকাশ করলে ভক্ত-অনুরাগীরা তাকে শুভেচ্ছা জানান।
জানা গেছে, নবম শ্রেণি পর্যন্ত বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছিলেন ইসরাত অতিথি। কিন্তু নাটকের কাজ বাড়তে থাকায় বিজ্ঞানের পড়াশোনা তার জন্য চাপের হয়ে ওঠে। ফলে বোর্ডে রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পরও পরীক্ষার মাত্র আট মাস আগে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিজ্ঞান বিভাগ ছেড়ে মানবিক বিভাগে ভর্তি হন তিনি।
এরপর অল্প সময়ের মধ্যে নতুন বিভাগের পড়াশোনার প্রস্তুতি নেন অতিথি। এমনকি এসএসসি পরীক্ষার মাত্র দুই দিন আগেও তাকে শুটিংয়ে অংশ নিতে হয়েছে।
অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও সফল এই অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে রাফাত মজুমদার রিংকুর নাটক ‘ভালোবাসার গল্প’-এ। প্রায় এক মাস আগে নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী।