
পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ফোনালাপ হয়েছে, যেখানে বর্তমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সঙ্গে ফোনে কথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শংকর। বিষয়টি নিশ্চিত করে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইম।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জয়শঙ্কর লেখেন, ‘ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে ফোনকল পেয়েছি। বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। ’
তবে আলোচনার বিস্তারিত বিষয়ে তিনি আর কোনো তথ্য প্রকাশ করেননি।
এই ফোনালাপ এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন পশ্চিম এশিয়ায় উত্তেজনা দ্রুত বাড়ছে, বিশেষ করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে। সাম্প্রতিক সময়ে এ অঞ্চলে সামরিক তৎপরতা বৃদ্ধি এবং বিভিন্ন পক্ষের কঠোর অবস্থান সম্ভাব্য বড় সংঘাতের আশঙ্কা জোরালো করেছে।
পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত, কারণ এ অঞ্চলের সঙ্গে দেশটির গুরুত্বপূর্ণ কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ জড়িত। ভারতের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল হরমুজ প্রণালী হয়ে আমদানি করা হয়, ফলে এই জলপথের স্থিতিশীলতা দেশটির জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।