
গান ও মঞ্চ পরিবেশনার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও দীর্ঘদিন ধরে সক্রিয় জনপ্রিয় ব্যান্ডদল ‘অ্যাশেজ’। স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমের পর এবার এক দৃষ্টিহীন তরুণের চিকিৎসার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে ব্যান্ডটি।
মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানান ব্যান্ডের প্রধান জুনায়েদ ইভান। ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি লেখেন, “এবার একজন অন্ধ ছেলের জন্য কাজ করব। আমি গিয়েছি তার সঙ্গে দেখা করতে। তাকে সুস্থ করতে চাই। গান লিখছি, কনসার্ট করব। প্রস্তুতি চলছে। সবার সহযোগিতা চাই।”
ইভানের এই উদ্যোগ ইতোমধ্যেই ভক্ত ও শুভানুধ্যায়ীদের মধ্যে সাড়া ফেলেছে। অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশও এ উদ্যোগে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, “ইভান ভাই, আমি আছি আপনার সঙ্গে। যে কোনো প্রয়োজনে আমাদের ডাকবাক্স ফাউন্ডেশন আপনার পাশে থাকবে।”
দৃষ্টিহীন ওই তরুণ সম্পর্কে জুনায়েদ ইভান জানান, তিনি একটি অসচ্ছল পরিবারের সন্তান। কয়েক বছর আগে অসুস্থতার কারণে তার দৃষ্টিশক্তি হারিয়ে যায়। তার বাবা পেশায় একজন রিকশাচালক হওয়ায় ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া পরিবারের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি।
ইভান বলেন, “ছেলেটি এবং তার মায়ের সঙ্গে আমার কথা হয়েছে। তাদের চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে বলেছি এবং চিকিৎসার পরবর্তী ধাপ সম্পর্কে জানতে অনুরোধ করেছি। এরপর আমাদের একজন প্রতিনিধি চিকিৎসকের সঙ্গে কথা বলবেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার বিষয়ে আমরা ব্যবস্থা নেব।”
চিকিৎসার ব্যয় সংগ্রহে কনসার্ট আয়োজনসহ বিভিন্ন উদ্যোগ নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।