
ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। শনিবার (১১ এপ্রিল) মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে এবং বর্তমানে তাঁর অবস্থা সংকটাপন্ন। জরুরি বিভাগের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, হঠাৎ হৃদ্রোগজনিত জটিলতা দেখা দিলে দ্রুত তাঁকে হাসপাতালে আনা হয়। বয়স নব্বই পেরোনো এই শিল্পীর শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসকেরা সর্বোচ্চ সতর্কতায় তাঁর চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। হাসপাতালের একটি সূত্র জানায়, জরুরি চিকিৎসা সেবা ইউনিটেই তাঁর সার্বক্ষণিক তত্ত্বাবধান চলছে।
এদিকে তাঁর নাতনি সামাজিক মাধ্যমে জানিয়েছেন, অতিরিক্ত ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণেই তাঁকে হাসপাতালে নিতে হয়েছে। তিনি বলেন, ‘আমার দাদি আশা ভোঁসলে অতিরিক্ত ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ করছি। তাঁর চিকিৎসা চলছে এবং আমরা আশাবাদী, দ্রুত সুস্থতার খবর জানাতে পারব।’
আট দশকেরও বেশি সময় ধরে সংগীতের আকাশে উজ্জ্বল এই কণ্ঠশিল্পী ভারতীয় উপমহাদেশের সংগীতকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। শাস্ত্রীয় থেকে আধুনিক, গজল থেকে পপ-প্রতিটি ধারাতেই তাঁর সাবলীল বিচরণ তাঁকে দিয়েছে বিরল মর্যাদা।
দীর্ঘ এই যাত্রায় অসংখ্য জনপ্রিয় গান উপহার দেওয়া এই শিল্পী দেশের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারসহ বহু স্বীকৃতি অর্জন করেছেন, যা তাঁকে সংগীতের এক জীবন্ত কিংবদন্তিতে পরিণত করেছে।