
ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন বলিউড তারকা আমির খান। দীর্ঘদিনের বন্ধু ও সঙ্গী গৌরী স্প্র্যাটের সঙ্গে আগামী ৫ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা জানিয়েছেন তিনি। মুম্বাইয়ে অভিনেতার বাসভবনে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে সীমিত পরিসরে অনুষ্ঠিত হবে বিয়ের আয়োজন।
বৃহস্পতিবার মুম্বাইয়ে ‘প্রীতম অ্যান্ড পেড্রো’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন ৬১ বছর বয়সী এই অভিনেতা।
আমির বলেন, “হ্যাঁ, ৫ জুলাই আমাদের বিয়ে। এটি খুবই ছোট পরিসরের একটি পারিবারিক আয়োজন। দুই পরিবারের সদস্যদের নিয়েই বাসায় অনুষ্ঠান হবে।”
নিজেদের নতুন জীবনের জন্য সবার শুভকামনা ও আশীর্বাদও কামনা করেন তিনি। তার ভাষায়, “এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন, যেন আমরা সুন্দর ও সুখী জীবন কাটাতে পারি।”
অনুষ্ঠানে আমির খানের বড় ছেলে জুনায়েদ খানও উপস্থিত ছিলেন। বাবার বিয়ের ঘোষণা দেওয়ার সময় তাকে হাসিমুখে পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
গত বছরের মার্চে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন আমির খান। একই অনুষ্ঠানে তিনি গৌরীর সঙ্গে গণমাধ্যমকর্মীদের পরিচয়ও করিয়ে দেন। অভিনেতার ভাষ্য অনুযায়ী, প্রায় ২৫ বছর ধরে তাদের পরিচয়। দীর্ঘদিনের বন্ধুত্ব থেকেই পরবর্তীতে তাদের সম্পর্ক প্রেমে রূপ নেয়। জানা গেছে, গৌরীর সাত বছর বয়সী একটি ছেলে রয়েছে।
এটি হবে আমির খানের তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে তিনি রিনা দত্তকে বিয়ে করেন। প্রায় ১৬ বছরের দাম্পত্য জীবনের পর ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। এই দম্পতির দুই সন্তান জুনায়েদ খান ও ইরা খান।
এরপর ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির। প্রায় ১৫ বছর একসঙ্গে থাকার পর ২০২১ সালে তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। তবে বিচ্ছেদের পরও ছেলে আজাদের দায়িত্ব যৌথভাবে পালন করে আসছেন তারা।
গৌরী স্প্র্যাটের সঙ্গে আসন্ন বিয়ের মধ্য দিয়ে ব্যক্তিগত জীবনের নতুন এক যাত্রা শুরু করতে যাচ্ছেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা।