
রাজধানীর উত্তরার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে লি শিংচিয়াং (২৫) নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার ৩ নম্বর সেক্টরের বেঙ্গল হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেড থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর।
পুলিশ জানায়, সকালে হোটেলটির ৯০৫ নম্বর কক্ষে লি শিংচিয়াংকে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। একই হোটেলের ৪০৪ ও ৪০৬ নম্বর কক্ষে থাকা আরও তিন চীনা নাগরিক গুও পেংফেই, গাও ঝেনলিয়াং ও লিউ হাওলিন বিষয়টি দেখতে পেয়ে হোটেল কর্তৃপক্ষকে জানান।
পরে হোটেল কর্তৃপক্ষ বিষয়টি উত্তরা পশ্চিম থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লি শিংচিয়াংয়ের মরদেহ উদ্ধার করে।
পুলিশের তথ্যমতে, লি শিংচিয়াংয়ের পাসপোর্টে জন্মতারিখ ২০০১ সালের ৩ ফেব্রুয়ারি উল্লেখ রয়েছে। সে হিসাবে তার বয়স ২৫ বছর।
পুলিশ ও হোটেল স্টাফদের ভাষ্য, অতিরিক্ত মদ্যপানের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
তবে হোটেলটিতে মদ বিক্রি বা সেবনের কোনো অনুমোদন ছিল না বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একাধিক কর্মকর্তা। তাদের তথ্য অনুযায়ী, পাশের একটি বার থেকে নিয়মিতভাবে হোটেলটির বোর্ডারদের কাছে মদ সরবরাহ করা হয়ে থাকতে পারে।
মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী তদন্ত ও ময়নাতদন্তের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে পুলিশ।