
চলতি আগস্ট মাসের প্রথম ১২ দিনে দেশে ১৪৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৮ হাজার ৪৩৭ কোটি ৭০ লাখ টাকা, প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বুধবার (১২ আগস্ট) একদিনেই দেশে ১ হাজার ৩৬৫ কোটি ৩০ লাখ টাকা সমপরিমাণ প্রবাসী আয় এসেছে।
গত বছরের আগস্টের প্রথম ১২ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১০৫ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪২ দশমিক ২০ শতাংশ।
এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশে মোট ৪৩৫ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে।
গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৩৫৩ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২৩ দশমিক ২৪ শতাংশ।
সংশ্লিষ্টরা বলছেন, রেমিট্যান্সের এই ধারাবাহিক প্রবৃদ্ধি বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলতে পারে এবং দেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় সহায়ক ভূমিকা রাখতে পারে।