
দুই বছর আগে বাংলাদেশের অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে নিয়ে নির্মাতা প্রতীম ডি গুপ্ত নির্মাণ করেছিলেন ‘চালচিত্র’। ছবিটি বাণিজ্যিক সাফল্য পাওয়ার পর থেকেই এর দ্বিতীয় কিস্তি নিয়ে আলোচনা ছিল। এবার সেই গল্প ফিরছে সিরিজ আকারে। ‘চালচিত্র ২’-এ যুক্ত হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।
নির্মাতা প্রতীম ডি গুপ্ত জানিয়েছেন, ‘চালচিত্র ২’ মূলত আগের গল্পের প্রিক্যুয়েল। সিরিজটির কাহিনিতে প্রথম চলচ্চিত্রের সিরিয়াল কিলার চরিত্রের অতীত এবং বর্তমান সময়ের সঙ্গে তার সংযোগ তুলে ধরা হবে। পুরো গল্পই আবর্তিত হবে ওই সিরিয়াল কিলারকে কেন্দ্র করে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘চালচিত্র’ সিনেমায় ব্রাত্য বসু অভিনীত সিরিয়াল কিলার ‘ভুবন’ চরিত্রটিতেই এবার দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। যদিও এ বিষয়ে সরাসরি কিছু বলেননি অভিনেতা। তবে তিনি নিশ্চিত করেছেন যে, ‘চালচিত্র ২’-এ অভিনয় করছেন।
গণমাধ্যমকে চঞ্চল বলেন, ‘গল্প নিয়ে বিস্তারিত বলা যাবে না। এটার জন্য দর্শককে অপেক্ষা করতে হবে। আমি অভিনয় করছি, এটা চূড়ান্ত। কাজটা যখন দর্শক দেখবে, তখনই গল্প আর চরিত্রটা দেখুক।’
আগের কিস্তির মতো এবারও প্রধান তদন্তকারী কর্মকর্তার ভূমিকায় অভিনয় করবেন টোটা রায়চৌধুরী। এছাড়া অভিনয়ে রয়েছেন শ্বেতা মিশ্র, বরুণ চন্দসহ আরও অনেকে।
ইতোমধ্যে সিরিজটির শুটিং শুরু হয়েছে। চঞ্চল চৌধুরী জানিয়েছেন, আগামী দু-এক দিনের মধ্যেই তিনি শুটিং ইউনিটে যোগ দেবেন। সব পরিকল্পনা অনুযায়ী এগোলে আসন্ন দুর্গাপূজায় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘চালচিত্র ২’।