
এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবর জানার পর রাজশাহীর বাগমারায় কারিনা পাল (১৬) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার মহব্বতপুর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
কারিনা পাল উপজেলার ১১ নম্বর গনিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের শ্রী কাঞ্চন কুমার পালের মেয়ে। চলতি বছর চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ফল প্রকাশের পর কারিনা জানতে পারেন, তিনি রসায়ন ও পদার্থবিজ্ঞান বিষয়ে অকৃতকার্য হয়েছেন। বিষয়টি জানার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। পরে মায়ের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে নিজ কক্ষে যান তিনি। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।
পরে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কারিনার মৃত্যু হয়।
চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আ. আউয়াল জানান, কারিনা ছাত্রী হিসেবে ভালো ছিল। কী কারণে তার ফলাফল খারাপ হয়েছে, তা বলা কঠিন। ফলাফল খারাপ হতেই পারে; তাই বলে জীবন শেষ করে দেয়া কোনো সমাধান নয়। সে চাইলে পরবর্তীতে আবারও পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পেত।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।