
বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করার লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে নরওয়ে ও আইভরি কোস্ট। এই ম্যাচে জয়ী দল শেষ ষোলোয় খেলবে ব্রাজিলের বিপক্ষে। এরই মধ্যে জাপানকে ২-১ গোলে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে সেলেসাওরা।
বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১১টায় ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ এই ম্যাচ। তবে সম্ভাব্য ব্রাজিল-নরওয়ে লড়াই নিয়ে আলোচনা শুরু হলেও নরওয়ের কোচ স্টলে সোলবাকেনের মতে, তার দলের সব মনোযোগ এখন শুধুই আইভরি কোস্ট ম্যাচে।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমরা এখন পরবর্তী প্রতিপক্ষ নিয়ে ভাবছি না। সেই সময় এখনও আসেনি। আমাদের পুরো মনোযোগ আইভরি কোস্টকে হারিয়ে ম্যাচ জয়ের দিকে।"
তবে ব্রাজিলের বিপক্ষে নরওয়ের অতীত সাফল্যের স্মৃতিও তুলে ধরেন তিনি। ১৯৯৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে আলোড়ন তুলেছিল নরওয়ে। সেই ম্যাচে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে জয়সূচক গোল করেছিলেন তোরে আন্দ্রে ফ্লো।
সোলবাকেন বলেন, "সেই ম্যাচটি অবশ্যই নরওয়ের ফুটবল ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি স্মৃতি। আমারও সেটি মনে আছে। তবে আমরা এখানে এসেছি নতুন ইতিহাস গড়তে, পুরোনো স্মৃতির ওপর নির্ভর করতে নয়।"
বর্তমান নরওয়ে দলের অধিকাংশ খেলোয়াড়ই ১৯৯৮ সালের সেই ম্যাচের সময় জন্মগ্রহণ করেননি। ফলে তাদের কাছে ব্রাজিলের বিপক্ষে সেই জয় শুধুই ইতিহাসের অংশ।
দলের ডিফেন্ডার ক্রিস্টোফার আয়ারও আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, দলটি মানসিকভাবে অনেক পরিণত ও শক্ত অবস্থানে রয়েছে।
তার ভাষায়, "আমরা অনেক চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে এসেছি। সেই অভিজ্ঞতা মাঠে ও মাঠের বাইরে আমাদের সাহায্য করে। আমরা একটি ঐক্যবদ্ধ দল এবং প্রতিটি বলের জন্য লড়াই করতে প্রস্তুত।"
এদিকে নরওয়ে ও আইভরি কোস্ট ম্যাচের বিজয়ীর অপেক্ষায় রয়েছে ব্রাজিল। কার্লো আনচেলত্তির শিষ্যরা আগামী রোববার বাংলাদেশ সময় রাত ২টায় শেষ ষোলোর ম্যাচে মাঠে নামবে।