
গ্রুপপর্বের শেষ ম্যাচে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করেছে বেলজিয়াম। নিউজিল্যান্ডকে ৫-১ গোলে হারিয়ে শুধু নকআউটেই ওঠেনি, ‘গ্রুপ চ্যাম্পিয়ন’ হিসেবেও পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে রুদি গার্সিয়ার দল।
প্রথম দুই ম্যাচে জয় না পাওয়ায় বেশ চাপে ছিল ‘রেড ডেভিলস’রা। মিসরের বিপক্ষে ১-১ ড্র এবং ইরানের সঙ্গে গোলশূন্য সমতার পর গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করতে শেষ ম্যাচে অন্তত তিন গোলের ব্যবধানে জয় প্রয়োজন ছিল তাদের। সেই লক্ষ্য সামনে রেখেই শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে নামে বেলজিয়াম।
ম্যাচের ২৮তম মিনিটে লিয়ান্দ্রো ট্রসার্ডের গোলে এগিয়ে যায় ইউরোপের দলটি। প্রতিপক্ষের বক্সে জটলার মধ্যে বল পেয়ে ডান পায়ের শটে জালে পাঠান তিনি। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বেলজিয়াম।
বিরতির পর আরও ধারালো হয়ে ওঠে রুদি গার্সিয়ার দল। ৫০তম মিনিটে হ্যান্স ভানাকেনের বাড়ানো বল থেকে নিজের দ্বিতীয় গোল করেন ট্রসার্ড। এরপর ৬৬তম মিনিটে কেভিন ডি ব্রুইনা গোল করে ব্যবধান ৩-০ করেন।
৮৪তম মিনিটে জাস্টের গোলে একটি ব্যবধান কমায় নিউজিল্যান্ড। এতে কিছু সময়ের জন্য গ্রুপ শীর্ষস্থান নিয়ে শঙ্কা তৈরি হলেও দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনে বেলজিয়াম। ৮৬তম মিনিটে বদলি হিসেবে নেমে হেড থেকে গোল করেন রোমেলু লুকাকু। এরপর লুকাকুর হোল্ড-আপ প্লে থেকে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে অ্যালেক্সিস সিলমেকার্স দলের পঞ্চম গোলটি করেন।
শেষ পর্যন্ত ৫-১ ব্যবধানের জয় তুলে নিয়ে প্রয়োজনীয় তিন গোলের বেশি ব্যবধান নিশ্চিত করে গ্রুপসেরা হয় বেলজিয়াম। অন্যদিকে এই হারের মধ্য দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শেষ হলো নিউজিল্যান্ডের।