
লক্ষ্য ১৯৯ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। প্রথম ওভার শেষ হতেই স্কোরবোর্ডে আসে ১ উইকেটে ৮ রান, আর ইনিংসের শুরুতেই চাপের মুখে পড়ে যায় সফরকারীরা।
ইনিংসের প্রথম ওভারের শেষ বলে নাথান স্মিথের ভেতরে ঢোকা ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন সাইফ হাসান। বলটি ভেতরে ঢুকে যথেষ্ট ওঠেনি, শট খেলতে গিয়ে ব্যাট নামাতে দেরি হওয়ায় উইকেট হারাতে হয় তাকে।
আউটের আগে অবশ্য আক্রমণাত্মক শুরু করেছিলেন তিনি, ওভারের প্রথম ও তৃতীয় বলে দুটি চার মেরে ৬ বলে ৮ রান করেন সাইফ। আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান ছিলেন তিনিই।
এরপর দ্রুতই আবার ধাক্কা খায় বাংলাদেশ। সৌম্য সরকার আউট হন ১১ বলে ৮ রান করে। উইল ও’রুর্কের বলে তিনি ক্যাচ দেন ফক্সক্রফটের হাতে। ইনিংস বড় করার সুযোগ থাকলেও নিউজিল্যান্ডের ধারালো ও নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে থমকে যায় তার ব্যাটিং।
এই রিপোর্ট লেখা পর্যন্ত আগের ম্যাচে ব্যর্থ হওয়া ওপেনার তানজিদ তামিম আজ প্রায় ১৪০ স্ট্রাইক রেটে ১৭ রান করে দলের রানের চাকা এখন পর্যন্ত সচল রেখেছেন।
নিউজিল্যান্ডের বোলিং আক্রমণ আজ শুরু থেকেই খুবই শৃঙ্খলাবদ্ধ ও ক্ষুরধার, বাংলাদেশের ব্যাটারদের জন্য যা বাড়তি চাপ তৈরি করছে। একের পর এক ডট বল আর উইকেটের ধাক্কায় লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুতেই ব্যাকফুটে চলে গেছে বাংলাদেশ।