
নতুন সরকার গঠনের জোর আলোচনা যখন দেশজুড়ে, তখনই হঠাৎ আলোচনার কেন্দ্রে উঠে আসেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তবে সম্ভাব্য মন্ত্রিত্ব নিয়ে ছড়িয়ে পড়া জল্পনাকে সরাসরি নাকচ করে দিয়েছেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ২৯৯টি আসনের মধ্যে ২০৯টিতে বিজয় অর্জন করে একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে দলটি। ফলে সরকার গঠন ও সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে রাজনৈতিক অঙ্গনে এখন তুমুল আলোচনা চলছে।
এই প্রেক্ষাপটে গুঞ্জন ওঠে, টেকনোক্র্যাট কোটায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন তামিম ইকবাল। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়তেই নিজের অবস্থান পরিষ্কার করেন দেশের অন্যতম সফল এই ওপেনার।
শনিবার ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাত ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তামিম এ নিয়ে প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, ‘আজ সারা দিনে আমাকে ঘিরে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন দেখতে পেয়েছি। যা পুরোপুরি মিথ্যা। এমন কোনো প্রস্তাব আমি পাইনি। এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি।’
তামিমকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চললেও এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি।
এদিকে দলটির চেয়ারম্যান তারেক রহমান একটি জাতীয় সরকার গঠনের চিন্তাভাবনা করছেন বলে জানা গেছে। সম্ভাব্য মন্ত্রিসভা কেমন হবে, তা নিয়ে তিনি নিবিড় পর্যালোচনা করছেন। দলীয় সূত্রে ধারণা করা হচ্ছে, অভিজ্ঞ নেতাদের পাশাপাশি তরুণ নেতৃত্বও নতুন মন্ত্রিসভায় গুরুত্ব পেতে পারেন।