
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি প্রত্যাবর্তন নয়, বরং তার পরিণতি হবে প্রত্যর্পণ ও আত্মসমর্পণ—এমন মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও রাজনৈতিক প্ল্যাটফর্ম অল্টারনেটিভসের সংগঠক মাহফুজ আলম। তিনি বলেন, আ. লীগের সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া পুনর্বাসনের আলোচনা সম্ভব নয়।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে মাহফুজ আলম বলেন, প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনার পরিণতি হলো প্রত্যর্পণ ও আত্মসমর্পণ। সন্ত্রাস ও খুনের রাজনীতির পথ ছেড়ে ১৭ বছর ধরে চলা ফ্যাসিবাদের সত্য স্বীকার, বিচারের মুখোমুখি হওয়া এবং সন্ত্রাস ত্যাগের ঘোষণা না দিলে পুনর্মিলনের আলোচনা সম্ভব নয়।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে চলমান সহিংসতা ও অস্থিরতার মধ্যে এ বিষয়ে কথা বললেন জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সাবেক এই সদস্য।
সম্ভাব্য গৃহযুদ্ধের পরিস্থিতি এড়াতে ২১ আগস্ট ২০২৪ সালে পুনর্মিলনের প্রস্তাব দিয়েছিলেন উল্লেখ করে অল্টারনেটিভসের সংগঠক মাহফুজ আলম বলেন, হয়তো জুলাইয়ের সংগঠকদের মধ্যে তিনিই প্রথম এ কথা বলেছিলেন। তবে আওয়ামী লীগের অস্থিমজ্জায় সন্ত্রাস রয়েছে, তাদের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা কিংবা আত্মসমালোচনা নেই।
তিনি আরও বলেন, সন্ত্রাস ও খুনের রাজনীতি অব্যাহত রাখলে দেশের অস্থিতিশীলতা, শিল্প-বাণিজ্য ধ্বংস এবং মানুষের জীবন ও সম্পদের ক্ষতির জন্য আওয়ামী লীগ এবং তাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া রাষ্ট্র দায়ী থাকবে।
পোস্টে সাবেক এই উপদেষ্টা আরও লেখেন, চলমান আন্তঃসীমান্ত সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে সরকার এবং জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।