
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লিতে বসে ফেসবুকে উসকানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সামরিক বিমানের দাবি ‘মামার বাড়ির আবদার’। হাসিনার বক্তব্য প্রচার প্রসঙ্গে ভারতের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, ‘এইটা কি ইন্ডিয়ার কনসার্নের বাইরে হচ্ছে?’
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ আয়োজিত ‘শ্রমিকের অধিকার, মর্যাদা এবং জাতীয় স্বার্থে গার্মেন্টস সেক্টরের স্থিতিশীলতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ তুলে নুরুল হক নুর বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সামরিক বিমান পাঠাতে হবে। এটা কোনো মামাবাড়ির আবদার কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।
নুর বলেন, ‘একটা পতিত ফ্যাসিস্ট জনগণের ধাওয়ায় দেশ থেকে পালিয়েছে, দেশের সম্পদ লুটপাট করে পালিয়েছে। তাদেরকে সামরিক বিমান দিয়ে ফিরিয়ে আনতে হবে! তার মানে এটা পরিষ্কার যে শেখ হাসিনা ডিসেম্বরে ফেরা নিয়ে যে সমস্ত ঘটনা ঘটছে এর পেছনে দিল্লির হাত রয়েছে। এটা সরকারের বক্তব্য না, এটা গণঅধিকার পরিষদের বক্তব্য এটা ব্যক্তি নুরুল হক নূরের বক্তব্য।’
বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে দিল্লি
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের সমালোচনা করে নুরুল হক নুর বলেন, বাংলাদেশ ভালো বন্ধুরাষ্ট্র পায়নি, বরং পেয়েছে দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র। দিল্লি সব সময় বাংলাদেশকে কীভাবে অস্থিতিশীল করা যায়, সেই চেষ্টা করে।
তিনি বলেন, শেখ হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করার যে ষড়যন্ত্র চলছে, তার পেছনেও দিল্লির ভূমিকা রয়েছে। এই ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।
গার্মেন্টস খাত নিয়ে ষড়যন্ত্রে পা না দেওয়ার আহ্বান
শ্রমিক আন্দোলনকারীদের উদ্দেশে নুরুল হক নুর বলেন, দিল্লির ষড়যন্ত্রের কারণে যেন দেশের গার্মেন্টস খাত ক্ষতিগ্রস্ত না হয়। এ বিষয়ে শ্রমিকদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
নুর বলেন, ‘আমাদের শ্রমিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, দিল্লির ষড়যন্ত্রে গার্মেন্টস সেক্টরকে নষ্ট করা যাবে না। আপনাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করি, আমরা অতীতে আন্দোলন করেছি, লোভ লালসা আমাদের ছিল না, লোভ লালসা নাই।’
নিজের মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে কোনো অনিয়ম বা বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ পাওয়া গেলে পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আজকে যদি বলেন যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সাংবাদিকরা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খোঁজে একটা লাইসেন্স যদি বের করতে পারেন যে প্রতিমন্ত্রীর রেফারেন্সে এই লাইসেন্সটা ইনক্লুড হয়েছে- মন্ত্রিত্ব ছেড়ে দেব। একটা কোম্পানী বা প্রতিষ্ঠান যদি বের করতে পারেন এই মন্ত্রণালয় থেকে আমার কারণে বিশেষ সুবিধা নিচ্ছে তাহলে রিজাইন দেব।’