
হাম ও ডেঙ্গুর মতো রোগে মানুষের মৃত্যু হলেও সরকার কার্যকর উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার। তিনি বলেছেন, জনগণের করের অর্থ সরকারের হাতে থাকলেও রোগ প্রতিরোধে মাঠে কাজ করছে জামায়াত।
জামায়াত ঘোষিত ডেঙ্গু সচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধনকালে এসব কথা বলেন গোলাম পরওয়ার। রাজধানীর পুরানা পল্টনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন।
প্রধানমন্ত্রীর উদ্দেশে গোলাম পরওয়ার বলেন, ‘এটাই কী আপনার প্ল্যান! হাম ও ডেঙ্গুতে মানুষ মারা গেলেও আপনাদের কোনো মাথাব্যথা নেই!’
তিনি অভিযোগ করেন, সরকার ক্ষমতা সুসংহত করে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংশোধন নিয়ে ব্যস্ত। তার ভাষায়, জনগণের খাজনা ও ট্যাক্সের টাকা সরকারের হাতে থাকলেও হাম ও ডেঙ্গু প্রতিরোধে জামায়াতকে মাঠে কাজ করতে হচ্ছে।
গোলাম পরওয়ার আরও বলেন, দলীয়করণ ছাড়া সরকারের আর কোনো সফলতা নেই। বিভিন্ন সমস্যার দায় আগের সরকারের ওপর চাপিয়ে সরকার দায়মুক্ত হওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
জামায়াতের এই নেতা বলেন, আগের সরকার যদি সব সমস্যা সমাধান করতে পারত, তাহলে নতুন সরকারের প্রয়োজন হতো না। একটি সরকার সমস্যা সমাধানে ব্যর্থ হলে জনগণ পরিবর্তনের পথ বেছে নেয়। বর্তমান সরকারও যদি মানুষের সমস্যার সমাধান করতে না পারে, তাহলে জনগণ সরকার পরিবর্তনে বাধ্য হবে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি সভাপতিত্ব করেন। এতে ডাকসু ভিপি সাদিক কায়েমসহ জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা বক্তব্য দেন।