
কুমিল্লার বাগমারা উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি সঞ্জয় শর্মার একটি ফেসবুক স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা, ত্যাগ এবং বঞ্চনার কথা তুলে ধরে তিনি লিখেছেন, ‘গভীরভাবে চিন্তা করে দেখলাম, আওয়ামী লীগ করার কারণে প্রতিদিন দশটা জুতার বাড়ি আমার প্রাপ্য।’
সম্প্রতি নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই স্ট্যাটাসে সঞ্জয় শর্মা উল্লেখ করেন, ছাত্রজীবন থেকেই তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি বৃহত্তর বাগমারা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, পরে বাগমারা উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে সভাপতির দায়িত্ব পালন করেছেন বলে জানান।
স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন দলীয় রাজনীতিতে সক্রিয় থেকে ব্যক্তিগত ও পারিবারিক স্বার্থ বিসর্জন দিলেও শেষ পর্যন্ত সেই ত্যাগের যথাযথ মূল্যায়ন পাননি। তার দাবি, উচ্চশিক্ষা অর্জনের পরও রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে নাগরিক ও পেশাগত জীবনের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকেও তিনি বঞ্চিত হয়েছেন।
জেলা আওয়ামী লীগের নেতৃত্ব, দলীয় পদ-পদবি বণ্টন এবং তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন নিয়েও অসন্তোষ প্রকাশ করেন সঞ্জয় শর্মা। তার ভাষ্য, বহু বছর ধরে দলের জন্য কাজ করা ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন হয়নি, অথচ নেতৃত্বে কোনো পরিবর্তন আসেনি।
একই সঙ্গে তিনি দাবি করেন, সাবেক পরিকল্পনামন্ত্রী এ কে এম মুস্তফা কামাল (লোটাস কামাল)-এর রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করলেও কখনোই মন্ত্রী বা তার পরিবারের কাছে নিজের পরিচিতি তৈরি করতে পারেননি।
স্ট্যাটাসের শেষাংশে তিনি লেখেন, ‘তবু বিপন্ন জীবনের শত যন্ত্রণা বুকে নিয়ে বলি, আমি জয় বাংলার লোক। ভালো থাকুক বাংলাদেশ, অটুট থাকুক স্বাধীনতা।’