
শক্তিপ্রদর্শন কিংবা বলপ্রয়োগের রাজনীতিতে ক্ষমতাসীনদের চেয়ে নিজেদের কোনো অংশে কম মনে করছেন না জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সহিংসতার পথ বেছে নিলে তাতে তাদের চেয়ে বেশি পারদর্শী আর কেউ হবে না।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে সাবেক অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা এ মন্তব্য করেন। ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাদের রাজনৈতিক মঞ্চ— ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) নেতাকর্মীদের এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগদানের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। সম্প্রতি ঝিনাইদহে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে গিয়ে আসিফ মাহমুদ এসব কথা বলেন।
সংগঠনের মুখ্য সমন্বয়কের ওপর হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানিয়ে আসিফ মাহমুদ বলেন, “আমাদের সহযোদ্ধাদের ওপর যারা হামলা করেছেন, ভিডিও ফুটেজ ও ছবিতে সবার পরিচয় এসেছে। আজ রাতের মধ্যে তাদের সবাইকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। যদি গ্রেপ্তার না করা হয়, আপনারা যদি ভায়োলেন্স বেছে নেন, আমাদেরকেও ভায়োলেন্স বেছে নিতে বাধ্য হতে হবে।”
তিনি আরও বলেন, “বিরোধী দল থেকে বারবার সদিচ্ছা দেখানো হলেও সরকারি দল ‘ভায়োলেন্স’ চাচ্ছে। আমাদের রক্ত গরম এবং বয়স কম হলেও আমরা বুঝি, কখন কী করতে হবে, কখন দেশ গড়ার কাজ করতে হবে। কিন্তু সরকারি দল যদি ভায়োলেন্স চায়, সেটাকেই একমাত্র রাজনৈতিক হাতিয়ার হিসেবে নিতে চায়, তাহলে এটা যে আমাদের থেকে বেশি কেউ পারবে না, সেটা ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে দেখিয়ে দিয়েছি।”
তরুণ প্রজন্মের শক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে সাবেক এই উপদেষ্টা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ভায়োলেন্স, ভায়োলেন্স, ভায়োলেন্স! আমাদের সঙ্গে যদি এটা করতে চান, এই লড়াইটা কোনো রাজনৈতিক দল, নির্দিষ্ট মতাদর্শ বা আদর্শের সঙ্গে হবে না; এই ফাইটটা হবে পুরো জেনারেশনের সঙ্গে। জেনারেশনের সঙ্গে ভুলটা বেছে নিয়েছিলো শেখ হাসিনা। এই যে ‘জেনজির আপরাইজিং হচ্ছে, এটা শুধু রাজনীতিতে না, সচেতনতার ফরম্যাটেও হচ্ছে।”
এই তরুণ জাগরণ কেবল দেশের ভেতরেই সীমাবদ্ধ থাকবে না উল্লেখ করে তিনি বলেন, “এই জেনজি আপরাইজিং আমাদের পাশ্ববর্তী দেশেও হয়ত আমরা দেখব। সেই পরিস্থিতি তৈরি হচ্ছে। আমরা সেই জনগণের সঙ্গে, সেই জেনজিদের সঙ্গে রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক দিয়ে আগামী দিনে একটা সুন্দর উপমহাদেশ গড়ে তুলব ইনশাল্লাহ।”
উক্ত অনুষ্ঠানে দলের অন্য শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।