
ঢাকার হাতিরঝিলের অ্যাস্ফিথিয়েটারে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, “জনগণের চাহিদার চেয়েও বেশি উন্নয়ন করবে বিএনপি।” তিনি জানান, আগামী শুক্রবার দলের চূড়ান্ত নির্বাচনী ইশতেহারে এসব উন্নয়নমূলক পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করা হবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) আয়োজিত ওই সমাবেশে নজরুল ইসলাম বলেন, “বিগত ১৭ বছর দেশের বাইরে থাকলেও তারেক রহমান সবসময় দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণ নিয়ে চিন্তা করেছেন। আওয়ামী লীগ দেশকে নিঃস্ব করে দিয়েছে; এই ধ্বংসস্তূপ থেকে দেশকে টানার ক্ষমতা একমাত্র তারেক রহমানেরই আছে।”
তিনি অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরে বলেন, “বাসার কাজের লোকও অভিজ্ঞতা দেখে নির্বাচন করা হয়, তাহলে দেশের জন্য অভিজ্ঞ নেতৃত্ব কেন বেছে নেওয়া হবে না? দেশ বাঁচাতে অভিজ্ঞ নেতৃত্বের ধানের শীষেই ভোট দিতে হবে।”
বস্তিবাসীকে স্থায়ী আবাসনের নিশ্চয়তা দিয়ে তিনি বলেন, “প্রতিপক্ষ লোকজনকে ভয় দেখাচ্ছে যে কড়াইল বস্তিতে বিল্ডিং করা হলে উচ্ছেদ হবে। কিন্তু আমরা বস্তিবাসীর স্থায়ী সমাধানের জন্য ৫ হাজার ফ্ল্যাট বরাদ্দপত্র আগেই প্রদান করব।”
নারীদের নিরাপদ যাতায়াত ও আবাসনের বিষয়ে তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় এলে নারীদের জন্য নিরাপদ আবাস ও রাজপথে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।”
পরিবহন শ্রমিকদের জন্য নজরুল ইসলাম খান বলেন, “প্রয়োজনে সরকার থেকে ভর্তুকি দিয়ে হলেও শ্রমিকদের জন্য বিমা ব্যবস্থা করবে বিএনপি।”
জামায়াতে ইসলামের সমালোচনা করে তিনি বলেন, “আমরা যখন ফ্যামিলি কার্ড বা কৃষি কার্ডের কথা বলি, তারা সমালোচনা করে। অথচ এখন স্মার্ট কার্ডের কথা বলছে। আমাদের লাল-সবুজ বাসের অনুকরণে তারা সবুজ গাড়ি চালাচ্ছে। ভালো কাজ অনুকরণ করলে আমাদের সমস্যা নেই।”
তিনি আরও বলেন, “শিল্প খাতকে বাঁচানোই দেশের অর্থনীতি সমৃদ্ধ করার মূল চাবিকাঠি। শিল্প বাঁচলে দেশ এগিয়ে যাবে।”