
খুলনা ও বাগেরহাট সফরে আজ বৃহস্পতিবার সুন্দরবনের পর্যটন সম্ভাবনা এবং মোংলা বন্দরের সম্প্রসারণ পরিকল্পনা সরেজমিনে দেখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী এ সফরে তিনি সুন্দরবনের হিরণ পয়েন্ট ও সংলগ্ন এলাকা আকাশপথে পরিদর্শন করবেন। পাশাপাশি মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম, জেটি নির্মাণ এলাকা এবং প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন ঘুরে দেখবেন।
সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করে সকাল ১০টার দিকে হিরণ পয়েন্ট ও সংলগ্ন এলাকা পরিদর্শন করবেন তিনি।
পরে সকাল সাড়ে ১০টায় খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে লঞ্চঘাটে গিয়ে নৌপথে বাগেরহাটের বানৌজা মোংলার উদ্দেশে যাত্রা করবেন।
দুপুরে বানৌজা মোংলা জেটিতে পৌঁছে ওয়ার্ডরুমে যাবেন প্রধানমন্ত্রী। মধ্যাহ্নবিরতির পর বেলা ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত সভায় অংশ নেবেন তিনি।
বিকেলে মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৩টা ১৫ মিনিটে প্রস্তাবিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) ইকোনমিক জোন এলাকা ঘুরে দেখার কথা রয়েছে তাঁর।