
আসন্ন দুর্গাপূজা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পূজা নির্বিঘ্নে উদ্যাপনে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ফারুক হোসেন বলেন, আগামী ১৬ অক্টোবর থেকে দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো সমস্যা বা অপরাধ সংঘটিত হওয়ার খবর পাওয়া যায়নি। সবকিছু স্বাভাবিক রয়েছে। পুলিশ আশা করছে, দুর্গাপূজা সুন্দরভাবে উদ্যাপিত হবে এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না।
পূজার নিরাপত্তায় পুলিশের উপস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, আগামী ১৫ অক্টোবর ডিএমপি কমিশনার এ বিষয়ে বিস্তারিত ব্রিফ করবেন। তাই এ মুহূর্তে তিনি এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে চান না।