
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবরের শেষ দিকে টোকিও সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনের এই সফরের প্রস্তুতি চলছে বলে মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি।
তিনি বলেন, মাসের শেষ দিকে প্রধানমন্ত্রী জাপানে যাবেন। তবে সফরের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানান তিনি।
২৬ অক্টোবর ঢাকা ছাড়ার সম্ভাবনা
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী ২৬ অক্টোবর জাপানের উদ্দেশে ঢাকা ছাড়তে পারেন প্রধানমন্ত্রী। সফরে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি দুই দেশের সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়েও আলোচনায় গুরুত্ব পেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
টোকিওর আমন্ত্রণ পৌঁছে দেন জাপানি উপপররাষ্ট্রমন্ত্রী
গত ১২ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও জাপানের সপ্তম পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ জানানো হয়।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই বৈঠকে জাপানের জ্যেষ্ঠ উপপররাষ্ট্রমন্ত্রী হিরোয়ুকি নামাজু জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণটি বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে পৌঁছে দেন।
একই বৈঠকে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকেও জাপান সফরের আমন্ত্রণ জানান জাপানি উপপররাষ্ট্রমন্ত্রী।
জাপানের আমন্ত্রণের জবাবে বাংলাদেশের পক্ষ থেকেও প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।