-6aa9781551c6f.webp)
দেশে কার্যক্রম পরিচালনা করা অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর সঙ্গে জড়িত পেজগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও গুজব ছড়ানো সামাজিক যোগাযোগমাধ্যমের পেজগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
জনস্বার্থে করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিচারপতি রাজসিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।
রিটের পক্ষে আদালতে শুনানি করেন রিটকারী ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু।
রিট আবেদনে বলা হয়, অনিবন্ধিত অনলাইন পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজ ব্যবহার করে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হোক।
শুনানি শেষে হাইকোর্ট বিটিআরসি চেয়ারম্যানকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি সংশ্লিষ্টদের প্রতি রুলও জারি করেন আদালত।