
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৩০ আগস্ট থেকে দুই দিনের এ সফর শুরু হবে। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি, আবাসন ও যানবাহনের ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বঙ্গভবনের প্রটোকল শাখা থেকে এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।
প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমানের সই করা চিঠিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ৩০ ও ৩১ আগস্ট ঠাকুরগাঁও জেলা সফর করবেন। দুই দিনের সফর শেষে ৩১ আগস্ট তিনি ঢাকায় ফিরবেন।
চিঠিতে রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আবাসন ও যানবাহনের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
এতে আরও জানানো হয়, রাষ্ট্রপতির সফরের বিস্তারিত কর্মসূচি এবং সফরসঙ্গীদের অনুমোদিত তালিকা পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।