
বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে প্রচলিত আইনে কোনো ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংবিধান ও বিদ্যমান আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি হিসেবে তিনি প্রাপ্য সব সুযোগ-সুবিধা এবং নিরাপত্তা পাবেন।
রোববার (২৬ জুলাই, ২০২৬) সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে মো. সাহাবুদ্দিন সাংবিধানিক সুরক্ষার আওতায় ছিলেন। ফলে ওই সময়ের দায়িত্ব পালনের বিষয়ে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা বা আদালতের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।
তিনি আরও বলেন, ‘স্বৈরাচারের শেষ সময়ে, অন্তর্বর্তী সরকারের পুরো সময় এবং বর্তমান সরকারের প্রায় ছয় মাস তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন। ওই সময়ে আমরা রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। তিনি বিধি-বিধান ও সংবিধান অনুসারেই দায়িত্ব পালন করেছেন।’
সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে সবার মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। কেউ অভিযোগ বা সমালোচনা করতেই পারেন। তবে সরকার এমন কোনো তথ্য বা অভিযোগ পায়নি, যা আইনগতভাবে আমলে নেওয়ার মতো।
সাবেক রাষ্ট্রপতির নিরাপত্তা ও সুযোগ-সুবিধার বিষয়ে তিনি বলেন, আইন অনুযায়ী মো. সাহাবুদ্দিন ছয় মাস এসএসএফ, পিজিআর এবং অন্যান্য রাষ্ট্রীয় নিরাপত্তা সুবিধা পাবেন। পাশাপাশি পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোও তার নিরাপত্তা নিশ্চিত করবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় আইন ও বিধান অনুযায়ী সাবেক রাষ্ট্রপতির জন্য নির্ধারিত সব সুবিধাই তাকে দেওয়া হবে।