
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন, তিনি দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন বঙ্গভবন থেকে। তবে বসবাস করবেন জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে অবস্থিত স্পিকারের সরকারি বাসভবনে।
শনিবার (২৫ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
এরই মধ্যে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে স্পিকারের সরকারি বাসভবন এবং আশপাশের এলাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শুক্রবার বিকেল থেকেই এ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর রয়েছে।
এর আগে শুক্রবার স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
এদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, আগামীকাল রোববার (২৬ জুলাই) সকাল ১১টায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।
এরপর দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করবেন।