
বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করতে কূটনৈতিক পর্যায় থেকে জোর উদ্যোগ নেওয়া হয়েছে। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্য বৃদ্ধি এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে অংশীদারত্ব বাড়ানোর বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে দুই পক্ষ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন উপায় নিয়ে এই আলোচনা করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির বরাতে জানা যায়, ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক উচ্চ প্রতিনিধি এবং ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট কাজা কালাসের সঙ্গে এ বৈঠক করেন।
বৈঠকে উভয় পক্ষ, বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও গভীর করা এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন।
তাছাড়া, আন্তর্জাতিক প্রেক্ষাপটে জাতিসংঘের অভ্যন্তরীণ সংস্কার সাধনের ওপর আলোকপাত করেন শীর্ষ দুই প্রতিনিধি এবং বর্তমান সময়ের বৈশ্বিক সংকটগুলো যৌথভাবে সামাল দিতে বহুপক্ষীয় জোটের কার্যকারিতা বজায় রাখার প্রতি গুরুত্ব পুনর্ব্যক্ত করেন।
এ ছাড়া, বাংলাদেশে দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক সহায়তা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপরও উভয় পক্ষ গুরুত্বারোপ করে। বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।