
বাংলাদেশের ই-পাসপোর্টের নকশায় বড় পরিবর্তন আনছে সরকার। নতুন নকশার পাসপোর্টে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংযোজনের পাশাপাশি শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও ওয়াসিম আকরামের ছবি জলছাপ হিসেবে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, নতুন নকশার অংশ হিসেবে ই-পাসপোর্টের ৩২ ও ৩৩ নম্বর পৃষ্ঠায় জলছাপ হিসেবে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি স্থান পাবে। এর মাধ্যমে শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও ওয়াসিম আকরামের আত্মত্যাগের প্রতীকী চিত্র আন্তর্জাতিক ভ্রমণ নথির অংশ হতে যাচ্ছে।
নতুন নকশায় দেশের ইতিহাস, ঐতিহ্য ও স্থাপত্যকে গুরুত্ব দেওয়া হয়েছে। পাসপোর্টের বিভিন্ন পৃষ্ঠায় জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মিনার, জাতীয় সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, কান্তজিউ মন্দির, লালবাগ দুর্গ, পানাম নগর এবং কার্জন হলের জলছাপ সংযোজন করা হয়েছে।
এ ছাড়া প্রাকৃতিক ঐতিহ্যের প্রতীক হিসেবে কক্সবাজারের ঝাউবন ও সমুদ্রসৈকত, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর এবং নীলগিরির ছবি ব্যবহার করা হবে। জাতীয় ফুল শাপলা, জাতীয় পাখি দোয়েল, জাতীয় মাছ ইলিশ ও জাতীয় ফল কাঁঠালের পাশাপাশি শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’-ও নতুন নকশায় স্থান পেয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পাসপোর্টের ডাটা পেজে আগের মতোই ‘ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের জন্য বৈধ’ সংক্রান্ত ঘোষণা বহাল থাকবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন নকশা দ্রুত বাস্তবায়নের জন্য বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।