.jpeg)
২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থান এবং ছাত্র-জনতার আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণে প্রতিষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে অতি দ্রুত আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বলে জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৪ জুলাই) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
সংবাদ সম্মেলনে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব মিজ্ কানিজ মওলা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, দীর্ঘ ১৮ বছরের দুঃশাসন ও স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে এ জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান সরকার প্রকল্পটিকে আরও টেকসই ও কার্যকর করতে প্রয়োজনীয় কাঠামোগত ও আইনি সংস্কার করছে।
জাদুঘর উদ্বোধনে বিলম্বের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, পরিচালনা পর্ষদ গঠন, স্থায়ী জনবল কাঠামো, অর্গানোগ্রাম অনুমোদন এবং সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লেগেছে। নির্মাণ ও সংস্কারকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আগামী দুই-এক দিনের মধ্যে পরিচালনা পর্ষদের প্রথম সভায় জনবল নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হবে। এরপর প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময় ও অনুমোদন সাপেক্ষে দ্রুত উদ্বোধনের তারিখ ঘোষণা করা হবে।
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ১৫ জুলাই থেকে দেশের বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, ১৫ জুলাই ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। ওই দিন শিক্ষার্থীদের, বিশেষ করে নারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা পরবর্তী গণআন্দোলনকে আরও বেগবান করেছিল। এ ইতিহাস ও চেতনা জনগণের মাঝে ছড়িয়ে দিতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি।