
ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর বহুল আলোচিত ১৮(ক) ধারা সম্পূর্ণ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমানতকারীদের স্বার্থ রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে অংশীজনদের মতামত বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনার জবাব দিতে গিয়ে অর্থমন্ত্রী এ ঘোষণা দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
অর্থমন্ত্রী বলেন, ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর ১৮(ক) ধারা নিয়ে বিভিন্ন মহল ও অংশীজনের মধ্যে উদ্বেগ এবং ভিন্নমত তৈরি হয়েছিল। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা এবং সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে সরকার ওই ধারাটি পুরোপুরি বিলোপের সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, ‘যারা জনগণের সম্পদ লুটপাট করেছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অপরাধীদের কঠোর শাস্তির মুখোমুখি করার পাশাপাশি সাধারণ আমানতকারীদের আমানতের শতভাগ সুরক্ষা নিশ্চিত করতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।’
সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী আরও জানান, দেশের ব্যাংক খাতে আস্থা বজায় রাখা এবং আমানতকারীদের স্বার্থ সংরক্ষণে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে বদ্ধপরিকর। বিতর্কিত ধারা বাতিলের সিদ্ধান্তও সেই উদ্যোগেরই অংশ।