স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি জনগণের ভোটে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত হয়েছে। তাই দলের গণতান্ত্রিক চর্চা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। তিনি অভিযোগ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ‘রেজিমেন্টেড’ রাজনৈতিক দল এবং তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।
শনিবার (২০ জুন) মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় কালীদাস নদীর ওপর নির্মিত কাঠের পুল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি কখনও একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না। গত পাঁচ দশক ধরে দলটি গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষার আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তিনি দাবি করেন, জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং তারেক রহমান গণতন্ত্রের জন্য দীর্ঘদিন প্রবাসে থেকেছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে। উভয় দেশের স্বার্থ ও মর্যাদা রক্ষা করে বিভিন্ন চুক্তি সম্পন্ন হবে এবং বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজার পুনরায় চালুর বিষয়েও আলোচনা হবে।
স্থানীয়দের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র তিন মাসের মধ্যেই বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি শুরু হয়েছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদের ভাতা এবং দেশব্যাপী খাল খনন কর্মসূচির কথা উল্লেখ করেন তিনি।
এ সময় স্থানীয়দের দাবির প্রেক্ষিতে মুন্সীগঞ্জের কালীদাস নদীর ওপর উত্তর ইসলামপুর-মোল্লারচর কাঠের পুলের পরিবর্তে একটি স্থায়ী সেতু নির্মাণের আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এর আগে তিনি উত্তর ইসলামপুর এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও দুর্ভোগের কথা শোনেন। পরে স্থানীয় সামাজিক কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করেন। এরপর মুন্সীগঞ্জ সার্কিট হাউসে একটি মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা ছিল তার।