
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও নারায়ণগঞ্জের কুতুবপুর সীমান্তবর্তী শামীমবাগ এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে জরুরি উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
এ লক্ষ্যে বুধবার (১৩ মে) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সভায় সিদ্ধান্ত হয়, মাতুয়াইল মা ও শিশু হাসপাতাল থেকে শহীদনগর চৌরাস্তা পর্যন্ত এলাকায় জলাবদ্ধতা নিরসনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর তত্ত্বাবধানে দ্রুত রাস্তা ও ড্রেন নির্মাণ এবং সংস্কার কাজ শুরু করা হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, পরিকল্পিতভাবে কাজ সম্পন্ন হলে ঘনবসতিপূর্ণ এই এলাকার দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমে আসবে।
সভায় প্রতিমন্ত্রী বলেন, সরকারের গৃহীত উন্নয়ন প্রকল্পগুলো যেন সরাসরি মানুষের উপকারে আসে এবং নাগরিক জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি দায়িত্ব পালনে কর্মকর্তাদের আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, রাস্তা খনন কিংবা অবকাঠামো নির্মাণকাজে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে বৃষ্টির পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করে ড্রেন নির্মাণ করতে হবে, যাতে বর্ষা মৌসুমে কোথাও পানি জমে না থাকে।
প্রতিমন্ত্রী সরকারের পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরায়নের লক্ষ্য তুলে ধরে বলেন, তড়িঘড়ি করে প্রকল্প বাস্তবায়ন নয়, বরং সরেজমিন পরিদর্শনের মাধ্যমে কাজের গুণগত মান ও অগ্রগতি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, সরকার চায় দেশের প্রতিটি নাগরিক আধুনিক নগর সুবিধা ভোগ করতে পারুক।
সভায় স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন অনুবিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, অঞ্চল-৯-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড, ডিপিডিসি ও স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।