
যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির স্মৃতিকে সম্মান জানিয়ে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ।
আগামী শুক্রবার (৮ মে) বিশ্ববিদ্যালয়টির বসন্তকালীন সমাবর্তনে আনুষ্ঠানিকভাবে তাদের এই সম্মাননা প্রদান করা হবে। ওই সমাবর্তনে প্রায় আট হাজার শিক্ষার্থীর গ্র্যাজুয়েশন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অনুষ্ঠানে লিমন ও বৃষ্টির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে। এছাড়া ডক্টরেট ডিগ্রি প্রদানপর্বে তাদের সম্মানে গাউন, ক্যাপ ও হুডসহ দুটি খালি চেয়ার রাখা হবে।
সমাবর্তনে মোট ৩৫৩ জন শিক্ষার্থীকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হবে। সেই তালিকাতেই স্থান পাচ্ছেন নিহত এই দুই বাংলাদেশি শিক্ষার্থী।
এ বিষয়ে মায়ামির বাংলাদেশ কনস্যুলেটকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানে কনস্যুলেটের একজন প্রতিনিধিকে উপস্থিত থেকে লিমন ও বৃষ্টির পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।