
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি বলেছেন, জুলাই সনদের অঙ্গীকার অনুযায়ী রাষ্ট্রীয় সংস্কার এবং জনগণের ম্যান্ডেট বাস্তবায়নে সংবিধান সংশোধন করা ছাড়া বর্তমান সরকারের সামনে আর কোনো পথ খোলা নেই। এই নির্বাচনে যারা জনগণের ম্যান্ডেট পেয়েছেন, তাদের মূল লক্ষ্যই হলো জুলাই সনদের প্রতিটি লাইন, সেমিকলন ও দাঁড়ি-কমা হুবহু বাস্তবায়ন করা।
সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদ ভবন-এর এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় আরও চারজন হুইপ উপস্থিত ছিলেন।
চিফ হুইপ বলেন, জনগণের ভোটে নির্বাচিতদের মূল লক্ষ্য হলো জুলাই সনদের সব শর্ত বাস্তবায়ন করা। তিনি দাবি করেন, রাষ্ট্রীয় সংস্কার নিশ্চিত করতে সংবিধানের সংশোধন এখন সময়ের দাবি।
তিনি দেশের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা প্রসঙ্গে বলেন, সরকারের মূল লক্ষ্য প্রতিটি মানুষের খাদ্য ও কর্মসংস্থান নিশ্চিত করা। তার ভাষায়, কামার, কুমার, তাঁতী ও স্বর্ণকারসহ সব শ্রেণি-পেশার মানুষের জীবিকা নিশ্চিত না হলে রাষ্ট্রের সার্থকতা থাকে না।
নূরুল ইসলাম মণি স্বাধীনতার পরবর্তী রাজনৈতিক ইতিহাস তুলে ধরে বলেন, অতীতের একদলীয় শাসনামলে গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা সীমিত ছিল। পরে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও অর্থনৈতিক উন্নয়নের কথা উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, বিগত দেড় দশকে গণতন্ত্র ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অর্থ পাচারের কারণে অর্থনীতি চাপের মুখে পড়েছে।
চিফ হুইপ জানান, বর্তমান সংসদ সংবিধানের ভিত্তিতেই পরিচালিত হচ্ছে। জনগণের প্রত্যাশা পূরণে সংবিধান সংশোধন ও রাষ্ট্রীয় সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, সংসদে নতুন সদস্যদের অভিজ্ঞতা অর্জনে সময় লাগবে, তবে কমিটি ও আলোচনার মাধ্যমে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
তিনি দাবি করেন, বর্তমান সরকার স্বল্প সময়ে বিভিন্ন খাতে পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। শিক্ষক নিয়োগ, কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ডসহ একাধিক কর্মসূচি বাস্তবায়নের কথা উল্লেখ করেন তিনি।
সবশেষে তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, গণতন্ত্র ও রাষ্ট্র গঠনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, তাই সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।