
ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত গভীর, ঐতিহ্যবাহী এবং সময়ের সঙ্গে আরও শক্তিশালী হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রণয় ভার্মা।
শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীর গুলশানে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার প্রাঙ্গণে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস-এর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত “আইসিসিআর দিবস” উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হাইকমিশনার বলেন, বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশন ও আইজিসিসি ভারতের সাংস্কৃতিক কূটনীতির “হৃদস্পন্দন” হিসেবে কাজ করছে। এই প্রতিষ্ঠানগুলো দুই দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক সংলাপ ও পারস্পরিক বোঝাপড়া জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের সাংস্কৃতিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে বিভিন্ন আয়োজন করা হয়। এর মধ্যে ছিল আইসিসিআরের প্রাক্তন শিক্ষার্থী ও দেশের জ্যেষ্ঠ শিল্পীদের অংশগ্রহণে আর্ট ক্যাম্প এবং সংগীত, নৃত্য ও যোগব্যায়াম পরিবেশনা। বিশেষ পরিবেশনা পরিবেশন করেন প্রিয়াঙ্কা গোপ।
এ উপলক্ষে হাইকমিশনার আইজিসিসি আয়োজিত দুই দিনব্যাপী চিত্রকর্ম কর্মশালা ‘সম্প্রীতি’র উদ্বোধন করেন। এতে ফরিদা জামান, জামাল আহমেদ, মো. ইউনুস, নিসার হোসেন এবং রঞ্জিত দাসসহ ৩০টিরও বেশি বিশিষ্ট শিল্পী ও আইসিসিআর স্কলার অংশ নেন।
কর্মশালায় নির্মিত শিল্পকর্মগুলো আগামী ৩০ এপ্রিল আইজিসিসিতে শুরু হওয়া দুই সপ্তাহব্যাপী প্রদর্শনীতে প্রদর্শিত হবে।
অনুষ্ঠানে হাইকমিশনার বাংলাদেশের প্রবীণ শিল্পী ও আইসিসিআর স্কলার তরুণ ঘোষ-এর প্রতিও গভীর শ্রদ্ধা জানান। তিনি এই আর্ট ক্যাম্পে অংশ নেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছিলেন, তবে দুঃখজনকভাবে গত ৯ এপ্রিল তিনি মারা যান।