
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রভাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের স্মরণে গভীর শ্রদ্ধায় নত হলো রাষ্ট্রের সর্বোচ্চ নেতৃত্ব। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৬টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের বীর শহিদদের প্রতি সম্মান জানান।
পুষ্পস্তবক অর্পণের পর তারা কিছু সময় নীরবে দাঁড়িয়ে থেকে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত একটি সুসজ্জিত দল রাষ্ট্রীয় অভিবাদন প্রদান করে। এরপর প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে আবারও শ্রদ্ধা জানান।
পরে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা পর্যায়ক্রমে স্মৃতিসৌধে এসে শ্রদ্ধা নিবেদন করেন। ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধীদলীয় নেতারাও বীর শহিদদের প্রতি সম্মান জানান। আনুষ্ঠানিকতা শেষে স্মৃতিসৌধ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।