
জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যে সরকার বলছে, দেশে তেলের কোনো ঘাটতি নেই; বরং হঠাৎ চাহিদা বৃদ্ধির কারণেই সাময়িক চাপ তৈরি হয়েছে। এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ‘ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়েছে। ডিমান্ড বেড়ে গেছে। আমরা একইভাবে সাপ্লাই করতাম সে সাপ্লাই চলছে। ডিমান্ড বেড়ে গেল তো সেখানে তো একটু ক্রাইসিস হবে। ক্রাইসিস হচ্ছে, এটা তো এটা তো সাধারণ জ্ঞান।’
তিনি আরও বলেন, ‘কারো গাড়ি কি তেলের অভাবে বন্ধ হয়ে গেছে প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, সেটাও হয় নাই। ঈদের মধ্যে যে সবাই বাড়িতে গেল, কোনো বাস কি তেলের অভাবে বন্ধ হয়েছে? ঈদটা গেল কোনো তো অসুবিধা হয় নাই, তেলের জন্য কোনো অসুবিধা হইছে? তাহলে আমার মনে হয় যে, এখন কোনো অসুবিধা নাই। কিন্তু মানুষকে বোঝতে হবে। অকারণে মজুত করার কোনো দরকার নাই।’
বৈশ্বিক পরিস্থিতির দিকেও ইঙ্গিত করে মন্ত্রী বলেন, ‘সংকট তো আমরা তৈরি করি নাই। আমরা ইমপোর্ট করি। পৃথিবীতে একটা গোলমাল লেগেছে, সেজন্য সবাইকে তো সাশ্রয়ী হতে হবে,’
তিনি আরও জানান, জ্বালানি তেলের মূল্য নির্ধারণের বিষয়টি সরাসরি মন্ত্রণালয়ের আওতায় নয়; এ সিদ্ধান্ত নেয় এনার্জি কমিশন। এখন পর্যন্ত সরকার তেলের দাম বাড়ায়নি বলেও উল্লেখ করেন তিনি।