
দেশে জ্বালানি তেলের ঘাটতি বা দাম বাড়ানোর কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, দেশের পেট্রোল পাম্পগুলোতে পর্যাপ্ত তেল সরবরাহ নিশ্চিত করা হয়েছে এবং কোথাও কোনো সংকট নেই।
সোমবার (১৬ মার্চ) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন এবং নারীদের জন্য একটি শৌচাগার উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব কথা জানান।
সেতুমন্ত্রী বলেন, "গত রাত থেকেই দেশের সব পেট্রোল পাম্পে পর্যাপ্ত পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে। কোথাও কোনো সংকট নেই। তাই জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রশ্নই ওঠে না।"
তিনি আরও জানান, আসন্ন ঈদকে সামনে রেখে যাত্রীদের ভ্রমণ নিরাপদ ও স্বস্তিদায়ক করতে সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ নেওয়ার সুযোগ নেই বলেও তিনি সতর্ক করেন। কেউ অতিরিক্ত ভাড়া আদায় করলে অভিযোগের ভিত্তিতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
সেতুমন্ত্রী বলেন, "অনেক স্থানে নির্ধারিত ভাড়ার চেয়েও কম ভাড়া নেওয়া হচ্ছে এবং কোথাও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া যায়নি।"
এ সময় তিনি আরও বলেন, সড়কে ফিটনেসবিহীন কোনো যানবাহন চলতে দেওয়া হবে না। এ ধরনের অভিযোগ সুনির্দিষ্টভাবে পাওয়া গেলে সংশ্লিষ্ট গাড়ি ও মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।