
ঈদকে সামনে রেখে রাজধানীতে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুতি শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ। রাজধানীর চারটি প্রধান বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
তিনি জানান, “ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে ইতোমধ্যে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বাস টার্মিনালগুলোতে গোয়েন্দা পুলিশের নজরদারি থাকবে।”
ডিএমপি কমিশনার বলেন, ঈদকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনিয়ম রোধে মাঠে থাকবে মোবাইল কোর্ট। লক্কর-ঝক্কর বাস চলাচল বন্ধ করা, অতিরিক্ত ভাড়া আদায় রোধ এবং যাত্রী হয়রানি প্রতিরোধে এসব কার্যক্রম পরিচালনা করা হবে। এ বিষয়ে গণপরিবহন মালিক ও শ্রমিকদেরও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ঈদের ছুটিতে রাজধানীর জনসংখ্যা অনেকটাই কমে যাওয়ায় নগর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় টহল ও চেকপোস্ট বৃদ্ধি করা হবে। আবাসিক এলাকায়ও পুলিশের বিশেষ নজরদারি থাকবে।
ব্রিফিংয়ে নগরবাসীর জন্য কিছু সতর্কতামূলক পরামর্শও দেন মো. সরওয়ার। তিনি বলেন, “বাসা ত্যাগের আগে দরজা-জানালা ঠিকভাবে বন্ধ করা, ঘরের ভেতরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র নিরাপদ স্থানে সংরক্ষণ করা উচিত।”
তিনি যোগ করেন, ভ্রমণের সময় নগদ অর্থ নিজের হেফাজতে রাখা এবং যাত্রাপথে সতর্ক থাকা জরুরি।
মো. সরওয়ার উল্লেখ করেন, নগরবাসীর ঈদের আনন্দ যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়, সে লক্ষ্যেই পুলিশ সার্বিক নিরাপত্তা জোরদার করে কাজ করছে। তিনি বলেন, সচেতনতা বাড়লে অনেক দুর্ঘটনা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব।