
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, চলতি অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।
শনিবার (১৪ মার্চ) দুপুরে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম (২০২৬ খ্রিষ্টাব্দের ১ম) অধিবেশনের কার্যক্রম সম্পন্নের জন্য প্রয়োজনীয় সময় বরাদ্দ এবং অধিবেশনের স্থায়িত্ব নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। এ সময় রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ৩টায় অধিবেশন বসবে। নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ এপ্রিল এই প্রথম অধিবেশন সমাপ্ত হবে।
তবে প্রয়োজন হলে অধিবেশনের সময়সূচি বা কার্যদিবস–সংক্রান্ত যেকোনো পরিবর্তন আনার ক্ষমতা স্পিকারের ওপর ন্যস্ত করা হয়েছে।
এ অধিবেশনকে ঘিরে ইতোমধ্যে সংসদ সচিবালয়ে মোট ৪৬৮টি প্রশ্ন জমা পড়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর জন্য রয়েছে ৮টি প্রশ্ন, আর অন্যান্য মন্ত্রীদের উদ্দেশে ৪৬০টি প্রশ্ন। এছাড়া বিধি–৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের নোটিশ জমা পড়েছে ২৭টি এবং বিধি–১৩১ অনুযায়ী সিদ্ধান্ত–প্রস্তাবের নোটিশ পাওয়া গেছে ৯৭টি।
ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
বৈঠকে অংশ নেন কমিটির সদস্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া উপস্থিত ছিলেন কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, খন্দকার মোশাররফ হোসেন, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ মো. নুরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম, বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং মুহাম্মদ নওশাদ জমির।
এ ছাড়া স্পিকারের বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগ দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল।
