
বর্ণাঢ্য আয়োজনে বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হলো অমর একুশে বইমেলা-২০২৬। উদ্বোধনের চার মিনিট পর, বিকেল ৩টা ১৬ মিনিটে প্রধানমন্ত্রী তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে ফিতা কেটে মেলার প্রবেশদ্বার উন্মুক্ত করেন। আনুষ্ঠানিকতা শেষে তিনি বাংলা একাডেমি প্রাঙ্গণের বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ১২ মিনিটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
এর আগে একই অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রধানমন্ত্রী। পরে পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে ফটোসেশনেও অংশ নেন তিনি। চলতি বছরে কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ-গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধ বিষয়ে মঈদুল হাসান বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
উদ্বোধনী আয়োজনে প্রধানমন্ত্রীর স্ত্রী ও কন্যা ছাড়াও মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, কূটনীতিক, বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।