
দেশজুড়ে চাঁদাবাজি, ছিনতাই ও মাদক সংক্রান্ত অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস কিংবা মাদক-সম্পর্কিত অপরাধে যুক্ত যে–ই হোক না কেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে হবে। তিনি আরও উল্লেখ করেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত কোনো রাজনৈতিক দলের তৎপরতা সহ্য করা হবে না। কেউ জনজীবনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ছাড় না দিয়ে আইন প্রয়োগ করতে হবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে দেশের সব পুলিশ ইউনিট প্রধান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপারদের সঙ্গে অনুষ্ঠিত এক ভার্চ্যুয়াল সভায় তিনি এসব নির্দেশনা দেন।
মহাসড়কে ডাকাতি ঠেকাতে হাইওয়ে পুলিশকে বিশেষভাবে সতর্ক করে আইজিপি বলেন, ‘যেকোনো মূল্যে মহাসড়কে ডাকাতি বন্ধ করতে হবে।’ এ লক্ষ্যে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকে সমন্বিতভাবে কাজ করে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
সভায় পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট অতিরিক্ত আইজিপিরা উপস্থিত ছিলেন। জননিরাপত্তা নিশ্চিতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বানও জানানো হয়।