
‘বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয় তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না’—এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ—এগুলো বাংলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। যারা আমাদের মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, এগুলো তাদের ভাষা।’
মাতৃভাষার ইতিহাসের প্রতি গুরুত্বারোপ করে টুকু বলেন, বাংলা ভাষা ও তার ইতিহাস নিয়ে আমরা যথেষ্ট যত্নবান নই। যে জাতি তার নিজের ইতিহাস জানে না, সে জাতি কখনো উন্নতি করতে পারে না। নিজের ভাষাকে ঠিকভাবে না জানার কারণেই জাতীয়তাবোধ গড়ে ওঠে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘আজ আমরা যদি বাংলা ভাষা নিয়ে সচেতন হতাম, তাহলে জেন-জি ইনকিলাব বলত না। তারা ইনকিলাব বললে আমার রক্তক্ষরণ হয়। সমাজ পরিবর্তনের জন্য আমরা জীবন দিতে গিয়েছিলাম, মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম। অথচ এখন সমাজ উল্টো দিকে হাঁটছে।’
মন্ত্রী আরও বলেন, এসব কথা বলায় অনেকেই তাকে ভারতের দালাল বা ‘র’–এর এজেন্ট বলতে পারেন। তারপরও তিনি নিজের অবস্থান থেকে সরে আসবেন না বলে জানান। তার ভাষায়, দেশকে ভালোবেসেই তিনি এ কথা বলছেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলালসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।