
বাংলাদেশের বহুল পরিচিত পত্রিকা জনকণ্ঠের কার্যক্রম অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশের চলমান পত্রিকাগুলোর মধ্যে পুরনো এবং সুপ্রতিষ্ঠিত এ পত্রিকার কার্যক্রম আকস্মিক বন্ধ ঘোষণা করার সিদ্ধান্তে গণমাধ্যম জগতে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
বুধবার (১ এপ্রিল) পত্রিকাটির সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক শামীমা আতিকউল্লাহ খানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রকাশনা আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হচ্ছে। তবে একই প্রতিষ্ঠানের অধীন গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবার লিমিটেডের কার্যক্রম আগামী ২১ এপ্রিল থেকে পুনরায় চালু হবে।
এর আগে ২৫ মার্চ কার্যালয়ের সামনে টানানো এক নোটিশে জানানো হয়েছিল, ২৩ মার্চ ২০২৬ থেকে কার্যকর সাধারণ ছুটি, অনিবার্য যান্ত্রিক ত্রুটি এবং অন্যান্য অনির্ধারিত কারণে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ ১৯৯৩ সালের ২১ ফেব্রুয়ারি দৈনিক জনকণ্ঠ পত্রিকা প্রতিষ্ঠা করেন।