
ভারতের রাজধানী নয়াদিল্লি ও এর আশপাশের ন্যাশনাল ক্যাপিটাল রিজিওনে (এনসিআর) ভারী বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। সোমবার (১২ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া প্রতিকূল আবহাওয়ার কারণে জনজীবন ও যান চলাচলে বিঘ্নের আশঙ্কা তৈরি হয়েছে।
সোমবার সকালে দিল্লির পাশাপাশি নয়ডা, গুরগাঁও ও গাজিয়াবাদেও ভারী বৃষ্টিপাত হয়। এতে রাজধানীর বিভিন্ন স্থানে পানি জমে গেছে। কর্মব্যস্ত সময়ে সড়কে যানবাহনের চাপ বাড়লে তীব্র যানজটের সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে ঘণ্টায় ১৫ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের পাশাপাশি ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং তীব্র বজ্রপাতের আশঙ্কা জানানো হয়েছে। এই সতর্কতা সোমবার সকাল ৯টা পর্যন্ত কার্যকর থাকার কথা ছিল।
মধ্য দিল্লির করোলবাগ এলাকার ঝান্ডেওয়ালান মন্দিরের কাছেও ভারী বৃষ্টির কারণে পানি জমেছে। সকালে অফিসগামী মানুষের যাতায়াতের ব্যস্ত সময়ে বৃষ্টিপাত শুরু হওয়ায় রাজধানী ও আশপাশের অঞ্চলে যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সকালের প্রতিকূল আবহাওয়ার পরও আগামী কয়েক দিনের পূর্বাভাসে দিল্লিতে বৃষ্টির সম্ভাবনা দেখছে না আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির তথ্য অনুযায়ী, আগামী ছয় দিন রাজধানীর আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
এ সময়ে দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে স্বল্প সময়ের ভারী বৃষ্টির পর আবহাওয়ায় আবারও উষ্ণতা বজায় থাকতে পারে।