
হুথি বিদ্রোহীদের মোকাবিলায় ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে সৌদি আরব। এ যোগাযোগে মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক ইউনিট সেন্টকম।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অজ্ঞাতনামা কূটনৈতিক ও সামরিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম ইসরায়েল হায়োম।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, ইসরায়েলের কাছ থেকে হুথিদের বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করাই সৌদি আরবের এ যোগাযোগের প্রধান উদ্দেশ্য। এসব তথ্য ব্যবহার করে ইরান সমর্থিত হুথিদের সম্ভাব্য হুমকি থেকে সৌদি আরবকে সুরক্ষিত রাখার পরিকল্পনা তৈরি করতে চায় দেশটি।
ইসরায়েল হায়োমের তথ্য অনুযায়ী, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এ বিষয়ে সেন্টকমের সহায়তা চেয়েছেন। একই সঙ্গে হুথিদের বিষয়ে ইসরায়েলের কাছ থেকে গোয়েন্দা সহায়তা নেওয়ার বিষয়টিও এই উদ্যোগের মধ্যে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানিয়েছেন তিনি।
শুধু ইসরায়েল নয়, মিসর ও উপসাগরীয় অঞ্চলের অন্যান্য আরব দেশের কাছেও একই ধরনের সহায়তা চেয়েছে সৌদি আরব।
এ বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের কাছে জানতে চাওয়া হলেও তারা কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। অন্যদিকে, সেন্টকমও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো জবাব দেয়নি।
এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের পৃথক এক প্রতিবেদনে বলা হয়েছে, হুথিদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী নেতানিয়াহু সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে। তাদের আশঙ্কা, এমন পদক্ষেপ নেওয়া হলে ইসরায়েল হুথি ও সৌদি আরবের মধ্যকার সংঘাতে জড়িয়ে পড়তে পারে।
দুটি সূত্রের বরাতে হারেৎজ জানিয়েছে, হুথিদের মোকাবিলায় ইসরায়েলি সামরিক কর্মকর্তারা রাজনৈতিক নেতৃত্বকে একটি আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনৈতিক উদ্যোগের মধ্যেই নিজেদের ভূমিকা সীমিত রাখার পরামর্শ দিয়েছেন।
তথ্য সূত্র: টাইমস অব ইসরায়েল