
মুসলিম দেশগুলোর সম্পদ ও কাঁচামাল লুট করতে শত্রুরা তৎপর বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মাদ বাগের গালিবাফ। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের আরোপ করা ‘অন্যায্য নিষেধাজ্ঞা’ মোকাবিলায় প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (২১ আগস্ট) ইরাকের রাজধানী বাগদাদে ইরানি ও ইরাকি ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন গালিবাফ।
তিনি বলেন, মুসলিম দেশগুলোর সম্পদ ও কাঁচামালের দিকে তাকালেই বোঝা যায়, শত্রুরা সেগুলো লুট করতে চায়। তাই অন্যায্য নিষেধাজ্ঞা মোকাবিলা করে তা কাটিয়ে উঠতে পরিকল্পনা করতে হবে।
গালিবাফ অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরান ও ইরাকের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে জয়ী হতে না পেরে এখন অর্থনৈতিক ও ‘মানসিক’ যুদ্ধ চালাচ্ছে।
ইরানের এই প্রভাবশালী নেতা বলেন, অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তা পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। পাশাপাশি ইরাক ও ইরানের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানান তিনি।
দুই দেশের বাণিজ্যে মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব মুদ্রা ব্যবহারের প্রস্তাবও দেন গালিবাফ।
এর একদিন আগে, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের ওপর এযাবৎকালের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন। তিনি জানান, নিষেধাজ্ঞার বিস্তারিত সোমবার প্রকাশ করা হবে। বেসেন্টের মতে, এসব পদক্ষেপের ফলে ইরানের বিরুদ্ধে আরও বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রয়োজন কমে আসতে পারে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের অন্যতম প্রধান আলোচক হিসেবেও দায়িত্ব পালন করছেন গালিবাফ।
সূত্র: রয়টার্স