
ভারতের জম্মু-কাশ্মীর ও লাদাখে দুই দিনের সফরে শ্রীনগরে পৌঁছেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর। সফরের শুরুতেই জম্মু-কাশ্মীরকে ভারতের একটি ‘গুরুত্বপূর্ণ অংশ’ হিসেবে উল্লেখ করেছেন তিনি।
বুধবার (১৯ আগস্ট) শ্রীনগরে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন মার্কিন রাষ্ট্রদূত।
অনুচ্ছেদ ৩৭০ বাতিলের পর কোনো শীর্ষ মার্কিন কূটনীতিকের এটিই প্রথম জম্মু-কাশ্মীর সফর। ফলে সার্জিও গরের এই সফরকে ভারত-মার্কিন সম্পর্কের পাশাপাশি জম্মু-কাশ্মীর ইস্যুতেও গুরুত্বপূর্ণ কূটনৈতিক তৎপরতা হিসেবে দেখা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠক শেষে জম্মু-কাশ্মীর নিয়ে ভারতের অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে সার্জিও গর বলেন, ‘আমি প্রথমবারের মতো এই জায়গায় সফর করছি। এটি অসাধারণ সুন্দর একটি স্থান।’
মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে বৈঠককে সৌহার্দ্যপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ বৈঠক হয়েছে। আমরা আমাদের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উন্মুখ।’
এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মার্কিন রাষ্ট্রদূতের পাশেই ছিলেন ওমর আবদুল্লাহ।
সার্জিও গর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত হিসেবেও দায়িত্ব পালন করছেন। অঞ্চলটির সাম্প্রতিক ঘটনাপ্রবাহের মধ্যে তাঁর জম্মু-কাশ্মীর সফরকে তাৎপর্যপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বৈঠক প্রসঙ্গে ওমর আবদুল্লাহ বলেন, ‘জম্মু-কাশ্মীরকে কেন্দ্র করে মার্কিন-ভারত সম্পর্ক নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছি।’
তিনি বলেন, ‘আমাদের একটি অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। আমরা দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা করেছি। তবে বিশেষ করে জম্মু-কাশ্মীর নিয়ে যুক্তরাষ্ট্র কী করতে পারে, সেদিকেই আমাদের দৃষ্টি ছিল।’
জম্মু-কাশ্মীরের কিছু পুরনো সমস্যা রয়েছে উল্লেখ করে ওমর আবদুল্লাহ বলেন, এসব সমস্যা সময়ের সঙ্গে সমাধানের চেষ্টা চলছে। ভবিষ্যতে এ ধরনের আলোচনা আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।